ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ হামাস ও হিজবুল্লাহর ছোড়া ক্ষেপণাস্ত্র রুখতে প্রায় ৯৯ শতাংশ কার্যকর বলে দাবি করা হয়েছে। আয়রন ডোমের প্রস্তুতকারক প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের চেয়ারম্যান ইউভাল স্টেইনিৎজ এই দাবি করেছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইউভাল স্টেইনিৎজ বলেছেন, শুধু হামাস-হিজবুল্লাহ নয়, ইরানের ছোড়া অধিকাংশ ক্ষেপণাস্ত্রও আকাশেই ধ্বংস করতে সক্ষম হয়েছে এই ব্যবস্থা।
জেরুজালেম সেন্টার ফর সিকিউরিটি অ্যান্ড ফরেন অ্যাফেয়ার্সের এক সম্মেলনে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর থেকে গাজার হামাস এবং লেবাননের হিজবুল্লাহ সম্মিলিতভাবে ইসরায়েল অভিমুখে প্রায় ৪০ হাজার রকেট ছুড়েছে।
আয়রন ডোমের সক্ষমতা তুলে ধরে তিনি বলেন, ধেয়ে আসা রকেটের বেশিরভাগই আয়রন ডোম সফলভাবে রুখে দিয়েছে। এই সাফল্যের হার শতভাগ না হলেও তার খুব কাছাকাছি; প্রায় ৯৮ থেকে ৯৯ শতাংশ। এটি পুরোপুরি নিখুঁত না হলেও প্রায় নিখুঁতের কাছাকাছি।
ইউভাল স্টেইনিৎজ বলেন, ২০২৪ সাল থেকে শুরু হওয়া দুই দফা লড়াইয়ে ইসরায়েল লক্ষ্য করে প্রায় ১ হাজার ৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে মাত্র কয়েক ডজন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিতে পেরেছে, বাকিগুলো আকাশেই ধ্বংস করা হয়েছে।
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী এই ব্যবস্থার প্রয়োজনীয় সরঞ্জামের (ইন্টারসেপ্টর) কোনও সংকট নেই বলেও সম্মেলনে জানিয়েছেন রাফায়েলের এই শীর্ষ কর্মকর্তা।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.