রয়্যালটি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স ফি এবং আউটওয়ার্ড রেমিট্যান্স অনুমোদন সেবা এখন আরও সহজ, দ্রুত ও স্বচ্ছ করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। ওয়ান স্টপ সার্ভিস ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে সেবাটি পুরোপুরি অনলাইনে চালু হওয়ায় আগের তুলনায় অনুমোদনের সময় উল্লেখযোগ্যভাবে কমেছে।
আগে যেখানে এসব সেবা পেতে দেড় থেকে দুই মাস সময় লাগত, এখন তা মাত্র ৭ থেকে ১০ কার্যদিবসে সম্পন্ন হচ্ছে। ফলে সেবা গ্রহণের সময় কমেছে ৮৩ শতাংশ এবং কাজের গতি বেড়েছে প্রায় ছয় গুণ।
২০২৬ সালের জানুয়ারি থেকে রয়্যালটি সেবাটি পূর্ণাঙ্গভাবে অনলাইনে চালু করা হয়। বর্তমানে বিনিয়োগকারীরা বিডাকুইকসার্ভ ডট অর্গ ওয়েবসাইটের মাধ্যমে ঘরে বসেই সহজে আবেদন করতে পারছেন। ফলে সময় ও কাগজপত্রের ঝামেলা কমার পাশাপাশি সেবার স্বচ্ছতাও বেড়েছে।
সেবাটি সময়সীমার মধ্যে সম্পন্ন করার ফলে, গত এপ্রিল মাসেই ওএসএস প্ল্যাটফর্মের মাধ্যমে চারটি রয়্যালটি পেমেন্ট অনুমোদন দেওয়া সম্ভব হয়েছে বলে জানিয়েছে বিডা।
ডিজিটালাইজেশনের আগে বিদেশি কোম্পানিগুলোকে প্রায় ৫০০ পৃষ্ঠার সহায়ক নথিপত্র ম্যানুয়ালি জমা দিতে হতো। এসব নথি যাচাই, সারসংক্ষেপ প্রস্তুত, অভ্যন্তরীণ নোটিং, পর্যালোচনা এবং চূড়ান্ত অনুমোদন সম্পন্ন করতে দীর্ঘ সময় লাগত। এখন বিডা ওএসএস পোর্টালে কাঠামোবদ্ধ ডিজিটাল ইনপুট ও হাইলাইট ব্যবস্থা চালু হওয়ায়, যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া অনেক দ্রুত ও সহজ হয়েছে।
এ ছাড়া বিনিয়োগকারীরা এখন অনলাইনে নিজেদের আবেদন ট্র্যাক করতে পারছেন, ফলে সেবার মানে স্বচ্ছতাও বেড়েছে। একই সঙ্গে রয়্যালটি সেবার ফি পরিশোধ ব্যবস্থাও পুরোপুরি অনলাইনে আনা হয়েছে।
এ বিষয়ে বিডার নির্বাহী চেয়ারম্যান শ্রী আশিক চৌধুরী বলেন, আমরা আরেকটি গুরুত্বপূর্ণ গ্যাপ পূরণ করেছি। বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে সময় মতো, সহজ ও সুশৃঙ্খল ডকুমেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে বিনিয়োগ সেবা প্রদান জরুরি। রয়্যালটি সেবা পুরোপুরি ডিজিটাল করার মাধ্যমে সেবার গতি ও যাচাই প্রক্রিয়া আরও কাঠামোবদ্ধ এবং মানসম্মত হয়েছে। এর ফলে বিনিয়োগকারীরা আরও নির্ভরযোগ্য, স্বচ্ছ ও কার্যকর সেবা পাবেন।
বিডা ওএসএস প্ল্যাটফর্মে রয়্যালটি পেমেন্ট সহজীকরণ কার্যক্রমে ট্রান্সফরমেটিভ ইকোনমিক পলিসি প্রোগ্রাম টিইপিপি–এর আওতায় কারিগরি সহায়তা দিয়েছে ইউএনডিএফ বাংলাদেশ। বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করেছে বিজনেস অটোমেশন লিমিটেড। সেবাটি আরও ব্যবহারবান্ধব করতে কাজ চলমান রয়েছে।
উল্লেখ্য, বর্তমানে বিডা ওএসএস পোর্টালের মাধ্যমে ৪৭টি সংস্থার ১৪২টির বেশি বিনিয়োগ সেবা এক জায়গা থেকে পাওয়া যাচ্ছে। এর মধ্যে বিডার নিজস্ব ৪০টি বিনিয়োগ সেবাও অন্তর্ভুক্ত রয়েছে।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.