ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীর চাপ সামাল দিতে অগ্রিম ট্রেন টিকিট বিক্রির সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ রেলওয়ে।

বাংলাদেশ রেলওেয়ের নির্দেশনা অনুযায়ী, ১৩ মে থেকে অনলাইনে ঈদযাত্রার টিকিট ছাড়া হবে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে।

সূচি অনুযায়ী, ১৩ মে পাওয়া যাবে ২৩ মে’র টিকিট। পরদিন ১৪ মে বিক্রি হবে ২৪ মে’র, ১৫ মে ২৫ মে’র এবং ১৬ মে ২৬ মে’র টিকিট। এরপর ১৭ মে পাওয়া যাবে ২৭ মে’র টিকিট। ফেরার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে। ওই দিন ৩১ মে’র টিকিট ছাড়া হবে। ২২ মে মিলবে ১ জুনের, ২৩ মে ২ জুনের, ২৪ মে ৩ জুনের এবং ২৫ মে ৪ জুনের টিকিট।

নির্দেশনায় বলা হয়েছে, একজন যাত্রী ঈদযাত্রা ও ফিরতি যাত্রার জন্য একবার করে টিকিট কিনতে পারবেন। প্রতিবার সর্বোচ্চ চারটি টিকিট নেওয়ার সুযোগ থাকবে। এছাড়া অগ্রিম ও ফিরতি কোনও টিকিটই ফেরতযোগ্য নয়। যাত্রার দিন সাধারণ আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে। ফিরতি টিকিট প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী সকাল ৮টা থেকে ইস্যু করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.