যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির হিল্টন হোটেলে হোয়াইট হাউজের সাংবাদিকদের জন্য নৈশভোজের আয়োজনে গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে।
এ সময় জরুরিভিত্তিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নিরাপদ আছেন বলে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’।
পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার কোনো সদস্যও আহত হননি। সবাই নিরাপদে আছেন।
এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প একটি নিরাপদ স্থানে আছেন এবং কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি নৈশভোজের অনুষ্ঠানে ফিরতে চান। তবে সিক্রেট সার্ভিসের সদস্যরা আপাতত প্রেসিডেন্টকে অনুষ্ঠানে ফিরতে নিষেধ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেও নিরাপদ আশ্রয়ে চলে যান।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে শুটারকে আটক করা হয়েছে বলে ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত পরিস্থিতি সামাল দেয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া একটি পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ডিসিতে (ওয়াশিংটন ডিসি) বেশ নাটকীয় একটি সন্ধ্যা কেটেছে। সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা দ্রুত ও সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে। শুটারকে আটক করা হয়েছে এবং আমি বলেছি যে আমরা ‘অনুষ্ঠান চালিয়ে যেতে চাই’। তবে পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অনুযায়ী হবে। তারা শিগগিরই সিদ্ধান্ত নেবে। যে সিদ্ধান্তই হোক, আজকের সন্ধ্যা পরিকল্পনার মতো হবে না এবং আমাদের হয়তো আবারও এটি আয়োজন করতে হবে।’
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে বলেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু হবে এবং শিগগিরই বিস্তারিত জানানো হবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.