ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের: মোদী

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ যখন চলছে, এরই মাঝে রাজ্য সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বৃহস্পতিবার কৃষ্ণনগরে জনসভা করেন, যেখানে ২৯ এপ্রিল ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

ওই সভা থেকে নির্বাচন কমিশনের পক্ষে কথা বলতে দেখা যায় নরেন্দ্র মোদীকে। পাশাপাশি একদিকে যেমন তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তেমনই দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে তার ঝালমুড়ি খাওয়ার প্রসঙ্গও টেনে আনেন।

তিনি বলেন, গত পঞ্চাশ বছরে এটাই প্রথম নির্বাচন যেখানে সবচেয়ে কম সহিংসতা দেখা যাচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটের সময় বিশৃঙ্খলা দেখা যায় এবং সহিংসতাও হয়, কিন্তু নির্বাচন কমিশন এবারে তেমনটা হতে দিচ্ছে না। আমি এই বিষয়ে নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাচ্ছি। তারা পশ্চিমবঙ্গের মাটিতে আরো একবার লোকতন্ত্রের প্রতিষ্ঠা করেছে। ভোট শান্তিপূর্ণ করার ক্ষেত্রে নির্বাচন কমিশন বড় কৃতিত্ব রয়েছে। আমি সরকারি করমচারীদেরও অভিনন্দন জানাচ্ছি কারণ তারাও নিজেদের দায়িত্ব পালন করেছেন।

দেশটির প্রধানমন্ত্রীকে এই সভায় রসিকতাও করতে দেখা যায়। তিনি বলেছেন, বিজেপি জিতলে মিষ্টি বিতরণ করা হবে, ঝালমুড়িও বিতরণ করা হবে। শুনেছি ঝালমুড়িও অনেককে ব্যাপক ধাক্কা দিয়েছে। ঝালমুড়ি খেলাম আমি, আর ঝাল লাগল তৃণমূলের।

দিন কয়েক আগে ঝাড়গ্রাম সফরে গিয়ে স্থানীয় এক দোকান থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। তৃণমূলসহ বিরোধীরা সেই প্রসঙ্গ টেনে কটাক্ষ করতে ছাড়েনি। আজ কৃষ্ণনগরের সভা থেকে তারই জবাব দেন মোদী।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২০১১ সাল থেকে টানা তিনবার জিতেছে। উপনির্বাচন মিলিয়ে ২০২১ সালে ২১৫টা আসন তাদের দখলে ছিল। গত বিধানসভা ভোটে বিজেপির ঝুলিতে প্রাথমিকভাবে ৭৭টি আসন ছিল। পরবর্তীতে উপনির্বাচনের পর তা কমে ৭৫-এ দাঁড়ায়। অন্যদিকে, বাম দলগুলো বা কংগ্রেসের কেউই বিধানসভায় আসন পায়নি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.