গ্যাস সরঞ্জাম সেবা সহজে সরকার নতুন পরিপত্র জারি

গ্যাস সরঞ্জাম পুনর্বিন্যাস বা প্রতিস্থাপনের সেবাকে সহজ ও গ্রাহকবান্ধব করতে নতুন পরিপত্র জারি করেছে সরকার। সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব জনাব মুহাম্মদ নাজমুল হকের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা বিবেচনায় নিয়ে এবং আন্তর্জাতিক চর্চা বিশ্লেষণ করে এই পরিপত্র জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, গ্যাস সরঞ্জামাদির অনুমোদিত ঘণ্টাপ্রতি লোড অপরিবর্তিত রেখে সরঞ্জাম পুনর্বিন্যাস ও প্রতিস্থাপনের কাজ সংশ্লিষ্ট গ্যাস কোম্পানির তালিকাভুক্ত ঠিকাদারের মাধ্যমে কমিশনিং করতে হবে। এ ক্ষেত্রে গ্যাস বিতরণ কোম্পানির আলাদা অনুমতির প্রয়োজন হবে না।

একই আঙিনায় অবস্থিত এবং একই মালিকানাধীন অন্য কোনো শিল্প ইউনিটের অব্যবহৃত লোড গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা আঞ্চলিক প্রধানের অনুমোদন সাপেক্ষে স্থানান্তর করা যাবে। একইভাবে, ক্যাপটিভ পাওয়ার শ্রেণিতে কার্যকরকৃত লোড প্রয়োজন অনুযায়ী শিল্প শ্রেণিতে স্থানান্তর করা যাবে, তবে শিল্প শ্রেণির লোড ক্যাপটিভ পাওয়ারে স্থানান্তর করা যাবে না।

এছাড়া মিটার স্থাপনের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ দিনের মধ্যে সংশ্লিষ্ট গ্যাস বিতরণ ও বিপণন কোম্পানিকে স্থাপন-পরবর্তী গুণগত মান যাচাই সম্পন্ন করতে হবে।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, দীর্ঘদিনের প্রচেষ্টার ফলে গ্যাস বিতরণ ও বিপণন সেবা আরও সহজ ও গ্রাহকবান্ধব করতে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সংগঠনটির মতে, এই পরিপত্রে অন্তর্ভুক্ত পরিবর্তনগুলো শিল্প মালিকদের জন্য ইতিবাচক ও সময়োপযোগী। এতে শিল্প উৎপাদনশীলতা বৃদ্ধি, ব্যয় হ্রাস এবং জ্বালানি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে তারা আশা প্রকাশ করেছে।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.