হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন

বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি ‘পুরোপুরি উন্মুক্ত’ করার ঘোষণা দিয়ে ইরান। এ ঘোষণার পরপরই বিশ্ববাজারে এর ইতিবাচক প্রভাব পড়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই ঘোষণার পর শুক্রবার (১৭ এপ্রিল) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেল প্রতি ৮৮ ডলারে নেমে এসেছে, যা দিনের শুরুতেও ৯৮ ডলারের উপরে ছিল।

একইভাবে মার্কিন তেলের মানদণ্ড হিসেবে পরিচিত ‘নাইমেক্স লাইট সুইট ক্রুড’-এর দামও উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭০ ডলারের নিচে। তবে গত মার্চ মাসের শুরুতে এটি ১০০ ডলার ছাড়িয়ে যায় এবং মাসের শেষের দিকে সর্বোচ্চ ১১৯ ডলারে গিয়ে ঠেকেছিল। হরমুজ প্রণালি দিয়ে পুনরায় পণ্যবাহী জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার খবরে জ্বালানি তেলের বাজার এখন নিম্নমুখী।

এদিকে হরমুজ প্রণালি উন্মুক্ত হওয়ার খবরে শুধু জ্বালানি নয়, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। প্যারিসের সিএসি এবং ফ্রাঙ্কফুর্টের ডিএএক্স—উভয় বাজারের সূচকই দুই শতাংশের বেশি বেড়েছে।

পাশাপাশি লন্ডনের এফটিএসই সূচকেও কিছুটা বৃদ্ধি দেখা গেছে। এছাড়া লেনদেন শুরুর প্রথম কয়েক মিনিটেই যুক্তরাষ্ট্রের ডাও জোনস সূচক এক দশমিক তিন শতাংশ এবং এসঅ্যান্ডপি শূন্য দশমিক সাত শতাংশ বেড়েছে। বিশ্ব অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সিদ্ধান্ত বৈশ্বিক পণ্য সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.