উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বিস্তার ও ব্যবহার বাড়ানোর ওপর জোর দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বিভিন্ন ধরনের সামরিক অভিযানে ব্যবহারের জন্য একাধিক ক্ষেত্রে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরির কাঁচামাল উৎপাদন সক্ষমতা ধারাবাহিকভাবে বাড়ানোর কথাও জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরীয় কেন্দ্রীয় সংবাদ সংস্থার (কেসিএনএ) বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) পারমাণবিক উপাদান উৎপাদন ও অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শন করেন কিম জং উন। এ সময় তিনি উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করেন। তবে পরিদর্শন করা স্থাপনাগুলোর অবস্থান প্রকাশ করেনি দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
পরিদর্শনকালে কিম বলেন, বিভিন্ন ধরনের সামরিক অভিযানে কৌশলগত পারমাণবিক অস্ত্রের বহুমুখী ব্যবহার নিশ্চিত করা এখন গুরুত্বপূর্ণ ও জরুরি কাজ। আধুনিক যুদ্ধে এসব অস্ত্রের সামরিক গুরুত্ব এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সীমান্ত পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উপাদান উৎপাদন সক্ষমতা পরিকল্পিতভাবে বাড়ানো হচ্ছে। পারমাণবিক অস্ত্র উৎপাদনে সাম্প্রতিক অগ্রগতিকে দেশের পারমাণবিক নীতির বড় সাফল্য হিসেবেও উল্লেখ করেন তিনি।
কিম জং উন বলেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়। বাইরের শক্তিগুলোর নিরস্ত্রীকরণের আহ্বান কিংবা পারমাণবিক সক্ষমতা অস্বীকারের বক্তব্যে দেশটির অবস্থানের পরিবর্তন হবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা অস্বীকারের যেকোনো প্রচেষ্টাকে সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হিসেবে বিবেচনা করা হবে। ২০২৩ সালে দেশটির সংবিধানে পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের অবস্থান অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। পারমাণবিক অস্ত্রের মাধ্যমে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত থাকলে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মালিকানা একটি অপরিবর্তনীয় সিদ্ধান্ত হিসেবেই বহাল থাকবে।
যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সহযোগিতার সমালোচনা করে কিম বলেন, ওয়াশিংটন এশিয়ার মিত্র দেশগুলোর সঙ্গে পারমাণবিক অস্ত্র ভাগাভাগি ও যৌথ ব্যবহারের ব্যবস্থা গড়ে তুলছে। এর ফলে উত্তর-পূর্ব এশিয়ায় পারমাণবিক সংঘাতের ঝুঁকি বাড়ছে।
এদিকে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের বিস্তার বাড়ানোর ঘোষণায় উদ্বেগ জানিয়েছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা হবে।
দক্ষিণ কোরিয়ার ধারণা, উত্তর কোরিয়ার হাতে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে এ সংখ্যার আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই। ২০০৬ সাল থেকে দেশটি ছয়বার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। সর্বশেষ পরীক্ষা হয়েছিল ২০১৭ সালে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.