জিয়াউল আহসানের মামলায় যুক্তিতর্ক আজ, হবে সরাসরি সম্প্রচার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তিতর্ক উপস্থাপন শুরু হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিচারিক কার্যক্রমে অংশ নেবেন।
মামলার অভিযোগে শতাধিক ব্যক্তিকে গুম, হত্যা ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি উঠে এসেছে। আওয়ামী লীগ সরকারের টানা ১৫ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মী, বিডিআর সদস্য এবং ভিন্নমতাবলম্বীদের গুমের পর হত্যার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
গত ১৪ জানুয়ারি ট্রাইব্যুনাল এ মামলায় অভিযোগ গঠন করেন। এরপর ৮ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।
গত ১৯ নভেম্বর রাষ্ট্রপক্ষের সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন শেষ হয়। পরে ২২ নভেম্বর আসামিপক্ষের একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এ পর্যায়ের কার্যক্রম সম্পন্ন হয়। এবার মামলাটি যুক্তিতর্ক উপস্থাপনের পর্যায়ে পৌঁছেছে।
মামলার অভিযোগ অনুযায়ী, গুমের শিকার ব্যক্তিদের পরে বিভিন্ন স্থানে নিয়ে হত্যা করা হতো এবং কোনো কোনো ক্ষেত্রে ঘটনাগুলোকে কথিত বন্দুকযুদ্ধ বা অভিযান হিসেবে দেখানো হতো। গাজীপুর, বরগুনার পাথরঘাটার চরদুয়ানী এবং সুন্দরবন এলাকায় এ ধরনের হত্যাকাণ্ডের অভিযোগের উল্লেখ রয়েছে।
আজকের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ অভিযোগের পক্ষে তাদের বক্তব্য তুলে ধরবে। সরাসরি সম্প্রচারের মাধ্যমে ট্রাইব্যুনালের এ কার্যক্রম দেখানো হবে বিটিভিতে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.