রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের আরও একটি চালান পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। নতুন এই চালান আসার মধ্য দিয়ে কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের জন্য এ পর্যন্ত মোট আটটি চালান প্রকল্প এলাকায় পৌঁছাল।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এসব লরি রূপপুর প্রকল্পে নেওয়া হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের তথ্য অনুযায়ী, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে। সব মিলিয়ে নয়টি চালানে এসব পারমাণবিক জ্বালানি দেশে আসার কথা রয়েছে।
এদিকে রাশিয়ার প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভিভিইআর-১২০০ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট।
এরই মধ্যে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। গত ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে কেন্দ্রটির প্রথম ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে সিনক্রোনাইজ করা হয়। ওই সময় সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয় এবং প্রায় ৩৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়।
এর ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর দ্বিতীয়বারের মতো রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
রাশিয়ান ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী, প্রথম ইউনিটে ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে ধাপে ধাপে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে রাশিয়ান ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে।
পরবর্তী সময়ে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।
প্রকল্প সংশ্লিষ্টদের মতে, দুটি ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের বাড়তে থাকা বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.