জ্বালানি সংকট ও দুর্নীতির দায় শ্রমিকের ওপর চাপানো যাবে না: সিপিডি

জ্বালানি সংকট, উচ্চ সুদহার ও দুর্নীতির মতো শাসনগত সমস্যার দায় তৈরি পোশাকশ্রমিকদের ওপর চাপানো উচিত নয় বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। এসব সমস্যার সমাধান আলাদাভাবে খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রোববার (২২ নভেম্বর) তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে এ অবস্থান তুলে ধরে সিপিডি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদের সই করা পাঁচ পৃষ্ঠার চিঠিতে গত ১৮ নভেম্বর আয়োজিত সিপিডির সংবাদ সম্মেলন নিয়ে বিজিএমইএর বিভিন্ন আপত্তি ও পর্যবেক্ষণের বিস্তারিত জবাব দেওয়া হয়েছে।

চিঠিতে সিপিডি জানায়, শ্রমিকের চাহিদা ও দেশের অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়ে মজুরি বোর্ডের সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। তবে জ্বালানি সংকট, উচ্চ সুদহার কিংবা দুর্নীতির মতো সমস্যার বোঝা শ্রমিকের মজুরি কমিয়ে তাদের ওপর চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

একই সঙ্গে মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান থাকলেও ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিরতা সমর্থন করে না সংস্থাটি। এ ধরনের কর্মকাণ্ডে শ্রমিক ও শিল্প উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়, যার নেতিবাচক প্রভাব পড়ে দেশের অর্থনীতিতেও। শ্রমিক ও কারখানার বাস্তব পরিস্থিতি বিবেচনায় বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরে নমুনাভিত্তিক জরিপের প্রয়োজন বলেও জানিয়েছে সিপিডি। মজুরি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত মানদণ্ড অনুসরণের আহ্বান জানিয়েছে সংস্থাটি। এসব মানদণ্ডের মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতা।

শিল্পের সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের শুল্কচাপ নিয়ে বিজিএমইএর আপত্তির বিষয়ে সিপিডি বলেছে, তাদের উপস্থাপনায় উৎপাদন ব্যয়, সুদহার, রপ্তানিমূল্য ও শুল্কের চাপের বিষয়গুলোও বিবেচনায় নেওয়া হয়েছে। এ কারণে নির্দিষ্ট কোনো অঙ্ককে চূড়ান্ত মজুরি হিসেবে প্রস্তাব না করে একটি সম্ভাব্য পরিসর তুলে ধরা হয়েছে। এই পরিসরের নিম্নসীমা শ্রমিকের মৌলিক চাহিদা এবং উচ্চসীমা মালিকপক্ষের মজুরি দেওয়ার সক্ষমতাকে নির্দেশ করে।

তবে কারখানার প্রকৃত ব্যয়, পণ্যের বিক্রয়মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য না থাকায় শিল্পের মজুরি দেওয়ার সক্ষমতা নির্ভুলভাবে নির্ধারণ করা কঠিন বলে চিঠিতে উল্লেখ করেছে সিপিডি। বিজিএমইএর কারিগরি ও তথ্যগত আপত্তির জবাবে সংস্থাটি জানায়, তাদের হিসাবের ক্ষেত্রে একটি পরিবারের সদস্যসংখ্যা চারজন এবং উপার্জনকারী সদস্য ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন প্রকাশিত গবেষণার মধ্যবর্তী মানের ভিত্তিতে এ হিসাব করা হয়েছে।

বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘এসইডিএস ২০২৩’ জরিপে পরিবারের সদস্যসংখ্যা ৩ দশমিক ৯৬ জন ধরলেও দারিদ্র্যসীমাভিত্তিক মজুরির হিসাব ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে ১৮ হাজার ৩৯২ টাকায় দাঁড়ায়। এতে পার্থক্য হয় মাত্র ১৮৬ টাকা।

অন্যদিকে, বিবিএসের ‘এইচআইইএস ২০২২’ জরিপ অনুযায়ী শহরাঞ্চলে উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ জন ধরলে মজুরির হিসাব আরও বেশি হতো। ফলে ইচ্ছাকৃতভাবে মজুরির পরিমাণ বাড়িয়ে দেখানোর কোনো উদ্দেশ্য সিপিডির ছিল না বলে চিঠিতে দাবি করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.