আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সফরকালে জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এ সময় নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মডেল পৌরসভা ও থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে মোকামতলা হাইস্কুল মাঠে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
মীর শাহে আলম আরও জানান, প্রধানমন্ত্রীর সফরে মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পের কাজও উদ্বোধন করা হবে। এ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯০০ কোটি টাকা। প্রধানমন্ত্রী ওই দিন প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
প্রতিমন্ত্রী বলেন, নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়ন হলে মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.