কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স ও মেশিন লার্নিংয়ের সঠিক ব্যবহার কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেছেন, প্রযুক্তির পরিবর্তনকে কাজে লাগিয়ে নতুন উদ্ভাবন, দক্ষতা ও কর্মক্ষেত্র তৈরির সুযোগ রয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) আয়োজনে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প শুধু প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ না রেখে সেগুলোকে বাস্তব জীবনের সমস্যা সমাধানে কাজে লাগাতে হবে। এসব প্রকল্প থেকে পেটেন্ট, বাণিজ্যিক উদ্যোগ ও নতুন ব্যবসা তৈরির সম্ভাবনা রয়েছে।
তিনি এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে বিশ্ববিদ্যালয়গুলোর সহযোগিতা কামনা করেন। শিক্ষার্থীদের গবেষণা ও প্রকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সংশ্লিষ্ট শিক্ষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তির পরিবর্তনের ফলে কিছু প্রচলিত কর্মসংস্থান কমে যেতে পারে। তবে ডেটা অ্যানোটেশন থেকে শুরু করে এআইভিত্তিক বিভিন্ন কাজের ক্ষেত্রে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এ জন্য শিক্ষাব্যবস্থাকে সময়োপযোগী ও বাস্তবমুখী করার প্রয়োজন রয়েছে।
মাহদী আমিনের মতে, দেশের মেধাবী তরুণদের সম্ভাবনা কাজে লাগাতে গবেষণা, উদ্ভাবন ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সংযোগ বাড়ানো জরুরি। প্রযুক্তির ইতিবাচক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করে তা মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
অনুষ্ঠানে বিজ্ঞানী, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.