গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলায় নিহত ৩৪০ শিশু

গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনি শিশুরা। ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৩৪০ জন শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও শত শত শিশু। জাতিসংঘের শিশুবিষয়ক তহবিলের (ইউনিসেফ) মুখপাত্র রিকার্ডো পিরেস সম্প্রতি এ তথ্য জানিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে গাজার শিশুদের পরিস্থিতি তুলে ধরেন ইউনিসেফের মুখপাত্র।

রিকার্ডো পিরেস জানান, গাজায় অবরুদ্ধ অবস্থার মধ্যে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ওপর হামলা অব্যাহত রয়েছে। শুধু গত দুই সপ্তাহেই ইসরায়েলি হামলায় সাত শিশু নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন ছেলে ও দুজন মেয়ে। একই সময়ে অন্তত ৩৩ শিশু গুরুতর আহত হয়েছে।

ইউনিসেফের তথ্য অনুযায়ী, গাজায় বর্তমানে প্রায় আট লাখ শিশু গৃহহীন ও বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। তাদের অনেকেই খোলা আকাশের নিচে প্লাস্টিকের তাঁবুতে কিংবা হামলা ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঝুঁকিপূর্ণ ভবনে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে। নিরাপদ আশ্রয়ের অভাব ও মানবিক সংকটের কারণে এসব শিশুর জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

আসন্ন শীত মৌসুমে বাস্তুচ্যুত শিশুদের দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রিকার্ডো পিরেস। তিনি বলেন, টানা চতুর্থ বছরের মতো ফিলিস্তিনি শিশুদের অমানবিক ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ পরিবেশে শীতকাল কাটাতে হচ্ছে। অনেক শিশুরই নিরাপদ বাসস্থান ও প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা নেই।

ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় অবরোধ, নিরাপদ আশ্রয়ের সংকট এবং বারবার বাস্তুচ্যুতির কারণে শিশুদের জীবন ও সুরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। মৌলিক অধিকার থেকে বঞ্চিত এসব শিশুর জন্য জরুরি মানবিক সহায়তা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.