অনলাইন ভ্যাট রিটার্ন জমার সময় বাড়াল এনবিআর, শেষ সময় ২৫ অক্টোবর

জুলাই-সেপ্টেম্বর কর মেয়াদের অনলাইন মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন দাখিলের সময়সীমা বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত সুদ ও জরিমানা ছাড়াই রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এনবিআরের দ্বিতীয় সচিব (পর্যবেক্ষণ, পরিসংখ্যান ও সমন্বয়) শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, জাতীয় বাজেট ২০২৬-২৭-এ প্রতি তিন কর মেয়াদ শেষে ভ্যাট রিটার্ন দাখিলসংক্রান্ত বিধান সংশোধন করা হয়েছে। এ লক্ষ্যে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ জারি করা হয়েছে। নতুন বিধান কার্যকর করতে ইভ্যাট ব্যবস্থায় কিছু প্রশাসনিক সংস্কারের প্রয়োজন হয়েছে।

এ পরিস্থিতিতে জনস্বার্থে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারার উপধারা (২)-এ দেওয়া ক্ষমতাবলে রিটার্ন দাখিলের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।

এ সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীরা নির্ধারিত নতুন সময়সীমার মধ্যে অনলাইনে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। এ জন্য তাঁদের অতিরিক্ত সুদ বা জরিমানা দিতে হবে না।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.