বাংলাদেশে কার্যরত চীনা ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের সমন্বিত ব্যাংকিং সেবা দিতে বিশেষায়িত ‘এনসিসি চায়না কানেক্ট’ চালু করেছে এনসিসি ব্যাংক পিএলসি। বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বুধবার (১৪ অক্টোবর) ঢাকার র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘চায়না ন্যাশনাল ডে সেলিব্রেশন ২০২৬’ অনুষ্ঠানে এ ডেস্কের উদ্বোধন করা হয়। বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এনসিসি ব্যাংকের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কেক কেটে চায়না ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।
অনুষ্ঠানে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যদের পাশাপাশি এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও সাবেক চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালক সৈয়দ আসিফ নিজামউদ্দিন, শামীমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার ও নাহিদ বানু উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ-উল-বাশার, এফসিএ এবং নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. আমিরুল ইসলাম, এফসিএস, এফসিএ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খুরশেদ আলম, মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মাজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন, এনসিসি ব্যাংকের চায়না ডেস্কের মতো উদ্যোগ দুই দেশের ব্যবসায়িক কার্যক্রম সহজ করবে এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করবে।
বিশেষ অতিথি ড. লিউ ইউইন বাংলাদেশে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি আশা প্রকাশ করেন, এ ডেস্ক দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং অর্থনৈতিক অংশীদারত্ব শক্তিশালী করতে ভূমিকা রাখবে।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুন নেওয়াজ সেলিম বলেন, চায়না ডেস্ক চালুর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা এবং বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে ব্যাংকটির অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। ‘এনসিসি চায়না কানেক্ট’ দুই দেশের মধ্যে নতুন ব্যবসায়িক সম্ভাবনা তৈরি এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং বিনিয়োগের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। ‘এনসিসি চায়না কানেক্ট’-এর মাধ্যমে চীনা ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত ও বিশেষায়িত ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্য রয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও টেকসই প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
তিনি জানান, ব্যাংকের বহুজাতিক করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে পরিচালিত এ ডেস্ক চীনা উদ্যোক্তাদের জন্য কেন্দ্রীয় যোগাযোগস্থল হিসেবে কাজ করবে। ম্যান্ডারিন ভাষায় সহায়তার পাশাপাশি বাণিজ্য অর্থায়ন, চলতি মূলধন, প্রকল্প অর্থায়ন, বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংক গ্যারান্টি, নগদ অর্থ ব্যবস্থাপনা ও ডিজিটাল ব্যাংকিংসহ বিভিন্ন সেবা দেওয়া হবে।
চীনের ৩০টি ব্যাংকের সঙ্গে প্রতিনিধিত্বমূলক ব্যাংকিং সম্পর্ক এবং বিশ্বজুড়ে প্রায় ৪০০টি প্রতিনিধিত্বমূলক ব্যাংকের নেটওয়ার্ক কাজে লাগিয়ে দেশটির সঙ্গে আন্তসীমান্ত বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি সহজ ও দ্রুত করার বিষয়ে ব্যাংকটি প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি চীনা মুদ্রা রেনমিনবিতে দুই দেশের বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তির সুযোগ তৈরিতেও কাজ চলছে বলে জানান তিনি।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.