কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে ইজিবাইক চালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগ, বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১২টি মামলা রয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের কাজীপাড়া মিলনবাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারের পর সকাল সাড়ে ৮টার দিকে নাঈমুজ্জামানকে পঞ্চগড় আদালতে হাজির করা হয়। তাকে আদালতে তোলার সময় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো মনোনয়ন পান। পরে সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। নির্বাচনের আগে তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.