নির্ভুল নিবন্ধনে সুশাসন, জন্ম-মৃত্যু নিবন্ধন আইন সংস্কারের আহ্বান

আগামীকাল ৬ অক্টোবর জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬। এবারের প্রতিপাদ্য ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’। নাগরিক অধিকার সুরক্ষার পাশাপাশি উন্নয়ন পরিকল্পনা, জনস্বাস্থ্য ব্যবস্থাপনা, ন্যায্য বাজেট বণ্টন ও সুশাসন নিশ্চিত করতে সঠিক জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সরকার ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করলেও বিদ্যমান কিছু আইনি দুর্বলতা এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে জন্ম নিবন্ধনের গড় হার ৫০ শতাংশ এবং মৃত্যু নিবন্ধনের হার ৪৭ শতাংশ। ফলে এখনো বিপুলসংখ্যক মানুষ নিবন্ধনের আওতায় না থাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মৌলিক অধিকার পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো ও নির্ভুল নিবন্ধন না হলে শিশুশ্রম, বাল্যবিবাহ ও মানবপাচারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ে। এর পাশাপাশি মৃত্যু নিবন্ধন না থাকলে উত্তরাধিকার নির্ধারণে জটিলতা তৈরি হয় এবং স্বজনদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কাও বাড়ে। বিশেষ করে গ্রাম, চরাঞ্চল, পাহাড়ি এলাকা ও নগরের বস্তি এলাকায় মৃত্যু নিবন্ধনের হার তুলনামূলকভাবে কম।

সুশাসন ও নির্ভুল নিবন্ধন নিশ্চিত করতে ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিবারের ওপর এককভাবে নিবন্ধনের দায়িত্ব না রেখে সব স্বাস্থ্যসেবা কেন্দ্রকে সরাসরি নিবন্ধনের দায়িত্ব দেওয়া হলে স্বাস্থ্যকেন্দ্রে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু স্বয়ংক্রিয়ভাবে নির্ভুল নিবন্ধনের আওতায় আসবে।

এতে তথ্য বিকৃতির সুযোগ কমার পাশাপাশি ভুয়া ও ভুল নিবন্ধন বন্ধ করা সম্ভব হবে। একই সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ১৬ দশমিক ৯ নম্বর লক্ষ্য—সবার জন্য আইনি পরিচয় নিশ্চিতকরণ—অর্জনের পথও সহজ হবে।

জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে এক প্রতিক্রিয়ায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “সুশাসন নিশ্চিত করার প্রথম শর্তই হলো নাগরিকদের নির্ভুল ও সার্বজনীন তথ্য সংরক্ষণ। জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ সংস্কার করে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের বাধ্যতামূলক দায়িত্ব দিলে ২০৩০ সালের মধ্যে শতভাগ নিবন্ধনের লক্ষ্য অর্জন সহজ হবে।”

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.