সিলেটে বন্যার্ত ১,৫০০ পরিবারের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হচ্ছে।

রোববার (৬ সেপ্টেম্বর) ইউএই এইড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

এরই অংশ হিসেবে সিলেটের ওসমানীনগর ও বিশ্বনাথ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটিকে আরও মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ করে তোলে। সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, “বন্যার মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করা এবং তাদের পাশে থাকাই এই সহায়তা কার্যক্রমের উদ্দেশ্য।”

সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.