বাজারে চীনা গাড়ি ও গাড়িতে ব্যবহৃত কানেক্টেড প্রযুক্তির প্রবেশ ঠেকাতে মার্কিন কংগ্রেসের ওপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় অটোমোবাইল নির্মাতারা। চীনে তৈরি কানেক্টেড গাড়ি, হার্ডওয়্যার ও সফটওয়্যার যুক্তরাষ্ট্রে বিক্রি, আমদানি ও উৎপাদন স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তারা।
মার্কিন গাড়ি শিল্পের বড় অংশের প্রতিনিধিত্বকারী সংগঠন অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশন বৃহস্পতিবার কংগ্রেসের নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই এ বিষয়ে আইন করার আহ্বান জানিয়েছে। বর্তমান কংগ্রেসের অধিবেশন আগামী ৩ জানুয়ারি শেষ হওয়ার কথা।
সংগঠনটির প্রধান নির্বাহী জন বোজেলা বলেন, চীনা গাড়ি নির্মাতারা সরকারি ভর্তুকির সুবিধা নিয়ে বিশ্বের বিভিন্ন বাজারে কম দামে গাড়ি সরবরাহ করছে। যুক্তরাষ্ট্রে এখনো এ ধরনের গাড়ির বড় উপস্থিতি তৈরি না হলেও পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে সংগঠনটি।
মার্কিন অটোমেকারদের উদ্বেগের কেন্দ্রে রয়েছে চীনা গাড়ির সঙ্গে যুক্ত সফটওয়্যার ও হার্ডওয়্যার। কানেক্টেড গাড়িতে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ ও আদান-প্রদানের সুযোগ থাকায় এসব প্রযুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে মার্কিন গাড়ি শিল্প।
একই সঙ্গে চীনের বিওয়াইডি ও জিলির মতো নির্মাতাদের দ্রুত বৈশ্বিক সম্প্রসারণ নিয়েও উদ্বেগ বাড়ছে। সরকারি সহায়তা নিয়ে কম দামে গাড়ি সরবরাহের মাধ্যমে এসব কোম্পানি ইউরোপ, মধ্য ও দক্ষিণ আমেরিকার বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে।
মার্কিন গাড়ি নির্মাতাদের আশঙ্কা, চীনা প্রতিষ্ঠানগুলো যদি একইভাবে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারে, তাহলে স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি হতে পারে। এ কারণে তারা শুধু আমদানি নয়, চীনা প্রযুক্তিনির্ভর গাড়ি ও সংশ্লিষ্ট হার্ডওয়্যার-সফটওয়্যারের দেশীয় উৎপাদনও নিষিদ্ধ করার দাবি জানিয়েছে।
চীনা গাড়ি ঠেকাতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষেই ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রস্তাবের আওতায় চীনা বিনিয়োগকারীদের মালিকানা থাকা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম নিয়েও বিধিনিষেধ আরোপের আলোচনা চলছে।
তবে অ্যালায়েন্স ফর অটোমোটিভ ইনোভেশন বলছে, তারা এমন একটি ভারসাম্যপূর্ণ নীতি চায়, যাতে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম চালিয়ে যেতে পারে এবং একই সঙ্গে চীনের সম্ভাব্য নিরাপত্তা ও প্রতিযোগিতাগত ঝুঁকি মোকাবিলা করা যায়।
সংগঠনটির মতে, কংগ্রেসে স্থায়ী নিষেধাজ্ঞা পাস হলে চীনের বৈশ্বিক অটোমোবাইল শিল্পে আধিপত্য বিস্তারের কৌশলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান আরও স্পষ্ট হবে। তবে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচন কংগ্রেসের আইন প্রণয়নের গতি ও অগ্রাধিকারেও প্রভাব ফেলতে পারে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.