২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টি, আজও বৃষ্টির বার্তা

কয়েক দিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিতে ছিল রাজধানীবাসী। তবে সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদফতর।

আজ মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর পর্যন্ত ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টিরও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.