তেলের দাম কমেছে

মঙ্গলবার তেলের দাম তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে, কারণ যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের সঙ্গে একটি চুক্তির সম্ভাবনার কথা বলেছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, আলোচনায় অগ্রগতি হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে চলতি সপ্তাহেই এ নৌপথ দিয়ে আবারও জাহাজ চলাচল শুরু হতে পারে।

পরিস্থিতি স্বাভাবিক হতে পারে এমন খবরে আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যমানের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড-এর দাম ব্যারেল প্রতি প্রায় পাঁচ শতাংশ কমে ৮০ ডলারের নিচে নেমে এসেছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা কমাতে আগের দফার আলোচনাগুলো ব্যর্থ হওয়ায় তেলের বাজারে অস্থিরতা এখনো রয়েছে।

মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম কমার পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও পাঁচ শতাংশের বেশি কমে ব্যারেলপ্রতি ৭৬ ডলারে নেমে এসেছে। উভয় ধরনের তেলের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরান ও ওমানের সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি জাহাজ চলাচল নিশ্চিত করার বিষয়ে আলোচনায় অগ্রগতি হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.