শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি আজকের মতো শেষ করেছেন। কর্মসূচি শেষ করে শিক্ষা ভবনের সামনে থেকে সরে গেছেন তারা। পরে সচিবালয় থেকে শিক্ষাভবনমুখী সড়ক খুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) বিকাল ৫টা ৫০ মিনিটের দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে থেকে সরে যান। এরপর ব্যারিকেড সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ সময় অবস্থানরত শিক্ষার্থী এ কে এম রিয়াজুল কুদ্দুস পলক বলেন, আমাদের অনেকের আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, তাই এখানের কর্মসূচি আমরা আজ শেষ করেছি। এখান থেকে আমাদের অনেকে সায়েন্সল্যাবের দিকে গিয়েছেন। সেখান থেকে হয়তো যে যার বাসার দিকে চলে যাবে। তবে আমাদের দাবি-দাওয়া বহাল থাকবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। যতক্ষণ তারা (কর্তৃপক্ষ) আমাদের সঙ্গে কথা না বলছে।
এদিকে পুলিশের এক কর্মকর্তা জানান, আন্দোলনকারীরা চলে যাওয়ার সড়কের ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আজ দুপুরের পর শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়সহ রাজধানীর চার স্থানে সড়কে অবস্থান নেন। পরে সায়েন্সল্যাবে আন্দলোনরতরা সচিবালয় অভিমুখে যাত্রা করেন। বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে তারা শিক্ষা ভবন মোড়ে পৌঁছান। তারা আসার আগেই পুলিশ মোড়ে ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে রাখে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.