‘অর্থ আইন’ নিয়ে আইসিএসবির সিপিডি অনুষ্ঠিত

অর্থ আইন ২০২৬-এর সর্বশেষ বিধান, কর, ভ্যাট, শুল্ক এবং করপোরেট কমপ্লায়েন্সে এর প্রভাব তুলে ধরতে অনলাইন কন্টিনিউয়িং প্রফেশনাল ডেভেলপমেন্ট (সিপিডি) কর্মসূচির আয়োজন করেছে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি)।

বুধবার (১৫ জুলাই) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (১৪ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন আইসিএসবির সাবেক প্রেসিডেন্ট ও প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস। স্বাগত বক্তব্য দেন আইসিএসবির প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্মার্টু টেকনোলজি বিডি লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ট্যাক্সেশন সরওয়ার আলম এফসিএস।

স্বাগত বক্তব্যে হোসেন সাদাত এফসিএস বলেন, দ্রুত পরিবর্তনশীল কর ব্যবস্থাপনার পরিবেশে পেশাজীবীদের সর্বশেষ আইন ও রাজস্বসংক্রান্ত পরিবর্তনের সঙ্গে হালনাগাদ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্যকর কমপ্লায়েন্স নিশ্চিত এবং যথাযথ সিদ্ধান্ত গ্রহণে নিয়মিত সিপিডির বিকল্প নেই।

মূল প্রবন্ধে সরওয়ার আলম এফসিএস অর্থ আইন ২০২৬-এর মাধ্যমে প্রবর্তিত গুরুত্বপূর্ণ সংশোধনীগুলোর ওপর বিস্তারিত পর্যালোচনা তুলে ধরেন। তিনি আয়কর, মূল্য সংযোজন কর (ভ্যাট), ট্যাক্স কমপ্লায়েন্স, কর প্রণোদনা এবং অন্যান্য নিয়ন্ত্রক পরিবর্তনের পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও পেশাজীবীদের ওপর নতুন বিধানের বাস্তবধর্মী প্রভাব ব্যাখ্যা করেন।

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কোম্পানি সেক্রেটারি খন্দকার আবু জাফর সাদিক এফসিএস কর-সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে কর রেয়াত সুবিধা পেতে ক্যাশলেস লেনদেন সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডিজিটাল আর্থিক লেনদেন উৎসাহিত করতে সরকারের উদ্যোগেরও প্রশংসা করেন।

টি. কে. গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস, ভ্যাট অ্যান্ড ট্যাক্স) মো. শাহেদুল আমিন এফসিএস ভ্যাট ও শুল্ক বিষয়ে বক্তব্য দেন। তিনি শ্রম ও সেবার সংজ্ঞা, ভ্যাট নিবন্ধন পদ্ধতি, অব্যাহতি সুবিধা, ভ্যাট অনার কার্ড, বৈদেশিক চুক্তি, ফ্রি ট্রেড জোন এবং কাস্টমস এজেন্ট লাইসেন্সিং-সংক্রান্ত সংশোধনীগুলো তুলে ধরেন।

আইসিএসবির ট্যাক্সেশন অ্যান্ড ফিসকাল ল সাব-কমিটির চেয়ারম্যান মো. শফিকুল আলম এফসিএস ব্যক্তিগত আয়কর, কর রেয়াত, ত্রৈমাসিক রিটার্ন এবং মাসিক কর পরিশোধসংক্রান্ত পরিবর্তন নিয়ে আলোচনা করেন। তিনি জানান, সদস্যদের পেশাগত দক্ষতা বাড়াতে আইসিএসবি ভবিষ্যতেও প্রাক-বাজেট ও বাজেট-পরবর্তী আলোচনা আয়োজন অব্যাহত রাখবে।

সমাপনী বক্তব্যে মোহাম্মদ সানাউল্লাহ এফসিএস করপোরেট কর ব্যবস্থা, বাধ্যতামূলক লভ্যাংশ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন), তামাকজাত পণ্যের কর, বিনিয়োগ কর রেয়াত এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থ পরিশোধের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, অর্থ আইন ২০২৬-এর পাঁচটি প্রধান লক্ষ্য হলো—অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা, কর ব্যবস্থা সহজীকরণ, ডিজিটাল কর পরিশোধে উৎসাহ দেওয়া, বিনিয়োগ ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং ট্যাক্স কমপ্লায়েন্স আরও জোরদার করা।

অনুষ্ঠানে আইসিএসবির সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রফেশনাল ডেভেলপমেন্ট কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ এমারত হোসাইন এফসিএস। অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সদস্য ইসরাত জাহান রিমি এফসিএস। শেষে অংশগ্রহণকারী সদস্যদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

অর্থসূচক/

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.