সাজেকে আটকা ৬০০ পর্যটক

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙামাটি জেলার বাঘাইহাটের রাস্তা তলিয়ে যাওয়ায় নয়নাভিরাম পর্যটন উপত্যকা সাজেকে অন্তত ৬০০ পর্যটক আটকে পড়েছেন। এর আগে পরিস্থিতি বিবেচনায় গতকাল (৭ জুলাই) সন্ধ্যা থেকে রাঙামাটি জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি ভ্রমণ বন্ধ ঘোষণা করে।

পর্যটকদের ফেরার প্রধান সড়কের অন্তত দুটি স্থানে পানি উঠে যাওয়ায় তারা ঠিক কখন ফিরতে পারবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে সাজেকে আটকে পড়া পর্যটকদের কোনো রিসোর্ট ভাড়া দিতে হবে না বলে ঘোষণা দিয়েছে সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশন।

সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, গত ৬ ও ৭ জুলাই সাজেকে যাদের বুকিং ছিল, তাদের আজ ফেরার কথা ছিল। কিন্তু মাচালং বাজার ও বাঘাইহাট বাজারের দুটি স্থানে সড়কের ওপর পানি চলে আসায় তারা সকালের স্কটে ফিরতে পারেননি। বিকেলে পানি না কমলে পর্যটকরা সাজেকেই নিজ নিজ রিসোর্টে অবস্থান করতে পারবেন, সেজন্য কোনো রুম ভাড়া দিতে হবে না। তবে সাজেক পাহাড়ের অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এবং সেখানে পানি বহন করা বেশ ব্যয়বহুল, তাই পর্যটকদের শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় পানির খরচটুকু বহন করতে হবে। আজ বৃষ্টি কম হলে বিকেলের স্কটেই পর্যটকরা ফিরতে পারবেন বলে আশা করছেন এই নেতা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, সাজেকে আটকে পড়া পর্যটকদের বিষয়টি প্রশাসন অবগত রয়েছে এবং রিসোর্ট মালিকদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। সড়কের পানি কমামাত্রই পর্যটকরা যাতে সম্পূর্ণ নিরাপদে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে পারেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নজরে রাখা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.