ভারি বৃষ্টির সতর্কবার্তা, পাহাড় ধসের শঙ্কা

দেশের ছয় বিভাগে পরবর্তী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধস বা পাহাড় ধসের আশঙ্কার কথাও জানানো হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য দেওয়া ভারি বৃষ্টিপাতের সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদদের পক্ষ থেকে জানানো হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মঙ্গলবার দুপুর ৩টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এদিকে ভারি থেকে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। একইসঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.