সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ইরানে অর্থ স্থানান্তর সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। বিশেষ করে ইরানে ৩০০ কোটি মার্কিন ডলার পাঠানোর দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য বলে জানিয়েছে দেশটি।
এক বিবৃতিতে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। ইরানের কোনো জব্দ করা তহবিল মুক্ত করা, স্থানান্তর করা কিংবা আমিরাতের মাধ্যমে সরবরাহ করার মতো কোনো ঘটনা ঘটেনি।
মন্ত্রণালয় বলেছে, ‘‘ইরানে ৩০০ কোটি ডলার পাঠানোর দাবি পুরোপুরি মিথ্যা এবং বাস্তবতার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’’
এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে তথ্য প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে আবুধাবি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সংবাদ প্রকাশের সময় নির্ভরযোগ্য ও সরকারি সূত্রের ওপর ভিত্তি করে তথ্য যাচাই করা জরুরি।
বিবৃতিতে আরও বলা হয়, যাচাই-বাছাই ছাড়া ভিত্তিহীন অভিযোগ বা অসমর্থিত তথ্য প্রচার থেকে বিরত থাকা উচিত, কারণ এ ধরনের খবর বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
এর আগে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ইরানে ৩০০ কোটি মার্কিন ডলার স্থানান্তর করা হয়েছে। তবে এসব দাবি সরাসরি নাকচ করে দিয়েছে ইউএই সরকার।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.