বিধানসভা নির্বাচন-পরবর্তী সহিংসতায় নিহত এক দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে যাওয়ার পথে প্রথমে কামালগাজি এলাকায় একদল নারী তাঁকে কালো পতাকা প্রদর্শন করেন। পরে সোনারপুরে প্রবেশ করলে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। বিক্ষোভকারীরা তাঁকে ঘিরে ‘চোর, চোর’ স্লোগান দেন এবং জুতো, ডিম ও ইট নিক্ষেপ করেন বলে জানা গেছে। একপর্যায়ে তাঁকে শারীরিকভাবে আক্রমণের চেষ্টাও করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তারক্ষী ও পুলিশ সদস্যরা অভিষেককে ঘিরে সুরক্ষা বলয় তৈরি করেন। হামলা থেকে রক্ষা করতে তাঁর মাথায় হেলমেট পরিয়ে দেওয়া হয় এবং কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়।
তীব্র বিক্ষোভের মধ্যেও শেষ পর্যন্ত পুলিশের নিরাপত্তায় নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছাতে সক্ষম হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি সেখানে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, সর্বশেষ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপি ২০৭টি আসনে এবং তৃণমূল কংগ্রেস ৮০টি আসনে জয়লাভ করে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর ভবানীপুর কেন্দ্র থেকে পরাজিত হন।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.