ঢাকার উত্তরায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের নিয়ে গোলটেবিল বৈঠক করেছে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উত্তরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে “মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিতে আমাদের প্রস্তাবনা” শীর্ষক এই বৈঠকের আয়োজন করা হয়। এসময় মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম।
হেযবুত তওহীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
তিনি বলেন, পশ্চিমা বিশ্বের অনুকরণে বাংলাদেশে চলমান রাজনৈতিক ব্যবস্থা ও রাষ্ট্রকাঠামো মানুষের মানবাধিকার ও বাক স্বাধীনতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থ ব্যবস্থার পরিবর্তন না হলে শুধুমাত্র ব্যক্তি বা দলের পরিবর্তনের মাধ্যমে কখনো মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে না।
তিনি সামগ্রিক জীবনে মানবরচিত বিধানের পরিবর্তে আল্লাহপ্রদত্ত জীবনব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। একই সঙ্গে উগ্র মতাদর্শের সমালোচনা করে বলেন, লেবাসধারী কিছু মানুষের উগ্রবাদী কর্মকাণ্ডে ইসলামের বদনাম হচ্ছে। ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে গুজব ছড়ানোর ও মব সৃষ্টির মাধ্যমে মানুষের জানমালের ক্ষয়ক্ষতি করা হচ্ছে। এ ধরনের উগ্রবাদী কর্মকাণ্ডকে ইসলাম কখনো সমর্থন করে না বলে মন্তব্য করেন তিনি।
দেশের বিভিন্ন জায়গায় একটি বিশেষ ধর্মীয় লেবাসধারী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধেও এ ধরনের মব সৃষ্টির চেষ্টা করছে বলে এসময় অভিযোগ করেন এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি এ ব্যাপারে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মাহবুব আলম মাহফুজের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান, রুফায়দাহ পন্নী ও এস এম সামসুল হুদা, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মোখলেছুর রহমান সুমন, উত্তরা প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সহ সভাপতি মো. রিপন মিয়া, দৈনিক যুগান্তরের আরিফ হোসাইন চৌধুরী, মানবকণ্ঠের স্বপন রানা, যায় যায় দিনের জাহিদ হাসান, খোলা কাগজের মাহফুজুল আলম খোকন, গণকণ্ঠের নিজাম উদ্দিন, ভোরের পাতার আব্দুল্লাহ আল নোমান, চ্যানেল এসের মামুনুর রশীদ রানা প্রমুখ।
নিউজের ভিডিও ফুটেজের ড্রাইভ লিংক:https://drive.google.com/drive/folders/1WSjKjCkfYQZRzlt6WGqmXL5Q9R_jojye
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.