প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট : প্রিপেয়ারিং মাইন্ডসেট’ শীর্ষক দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সমাপ্ত হয়েছে বৃহস্পতিবার (১৬ এপ্রিল)। ১৫-১৬ এপ্রিল অনুষ্ঠিত এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের সকল প্রভাষক ও সহকারী অধ্যাপক অংশগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সম্মানিত সদস্য প্রফেসর এস এম কবির। প্রশিক্ষণের দ্বিতীয় দিনে তিনি আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই), কার্যকর পাঠদান পদ্ধতি, কারিকুলাম ডিজাইন, মূল্যায়ন কৌশল এবং শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষণ-শেখার বিভিন্ন আধুনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, বর্তমান উচ্চশিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীর অর্জিত দক্ষতা ও বাস্তব প্রয়োগযোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য শিক্ষককে শুধু জ্ঞান প্রদানকারী নয়, বরং একজন দক্ষ ফ্যাসিলিটেটর হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। ওবিই কাঠামোর সফল বাস্তবায়নই পারে শিক্ষার গুণগত মানকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে।
প্রশিক্ষণ শেষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার এবং রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকেও আধুনিক ও সময়োপযোগী করতে হবে। আউটকাম-বেইসড এডুকেশন (ওবিই) শুধুমাত্র একটি পদ্ধতি নয়, এটি একটি দৃষ্টিভঙ্গি—যেখানে শিক্ষার্থীর জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধের সমন্বিত বিকাশ নিশ্চিত করা হয়। আমাদের শিক্ষকরা যদি এই পদ্ধতিকে আন্তরিকভাবে গ্রহণ করেন, তাহলে শিক্ষার মান উন্নয়ন হবে এবং আমাদের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় সক্ষম হয়ে উঠবে। প্রিমিয়ার ইউনিভার্সিটি সবসময় গুণগত শিক্ষার প্রতি অঙ্গীকারবদ্ধ এবং এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
বিশেষ অতিথি ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ছাড়া মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সম্ভব নয়। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষকদের নতুন চিন্তাধারা ও পদ্ধতির সঙ্গে পরিচিত করে এবং শিক্ষার্থীদের জন্য একটি কার্যকর শিক্ষার পরিবেশ সৃষ্টি করতে সহায়তা করে।
রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা শিক্ষকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষকরা আধুনিক শিক্ষণ কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন, যা ভবিষ্যতে শিক্ষাদানে ইতিবাচক প্রভাব ফেলবে।
প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্য থেকে অনুভূতি ব্যক্ত করেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক উম্মে সালমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসি-প্রিমিয়ার ইউনিভার্সিটির অতিরিক্ত পরিচালক (কিউএ) তানজিনা আলম চৌধুরী।
উল্লেখ্য, প্রশিক্ষণ কর্মসূচিতে নিবন্ধন, উদ্বোধন, কারিগরি সেশন, কারিকুলাম উন্নয়ন, মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষণ-শেখার কার্যকর কৌশলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।
অর্থসূচক/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.