ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ মারা গেছেন। ইরানে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের বোমা হামলার সময় তিনি বাসভবনের পাশেই অবস্থান করছিলেন এবং গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার (২ মার্চ) তার মৃত্যুর খবর জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে।
এর আগে একই হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। হামলায় তার পরিবারের সদস্যসহ দেশের বেশ কয়েকজন শীর্ষ ব্যক্তিও নিহত হন বলে দাবি করা হয়েছে।
রোববার (১ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি জানায়, মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতি নিহত হয়েছেন। এছাড়া শনিবার সকালের আরেক হামলায় তার এক পুত্রবধূও নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফার্স জানায়, সর্বোচ্চ নেতার বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রের সঙ্গে যোগাযোগের পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট স্থান, সময় ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.