রমজান শুরু, নতুন সময়সূচিতে চলছে অফিস-আদালত

শুরু হয়েছে পবিত্র রমজান মাস। সেহেরি ও ইফতারের সময় বিবেচনা করে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারিত) থেকে সব সরকারি, আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত অফিস নতুন এ সময়সূচি অনুযায়ী চলবে। সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, হিজরি ১৪৪৭ (২০২৬ খ্রিস্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য নতুন অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। এছাড়া আগের মতই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল থাকবে।

তবে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবং জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো তাদের নিজস্ব আইন ও জনস্বার্থ বিবেচনায় আলাদা সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, রমজানে রোববার থেকে বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। অফিস সময় থাকবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি।

ব্যাংকগুলোর ক্ষেত্রে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। তবে এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন কার্যক্রম চালু রাখা যাবে। ফলে রমজান মাসে দেশের সব তফসিলি ব্যাংক সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

আর্থিক প্রতিষ্ঠানগুলোতেও একই সময়সূচি প্রযোজ্য হবে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অফিস চলবে এবং দুপুরে নির্ধারিত সময় নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া রমজান মাসে আদালতের কার্যক্রম চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। সংশ্লিষ্ট দপ্তরের অফিস সময় থাকবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। উভয় ক্ষেত্রেই দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি নির্ধারিত রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.