“সবুজ আঙিনা, নিরাপদ খাদ্য-সুস্থ জীবনের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় ‘সিজনাল সবজি চারা বিতরণ কর্মসূচি ২০২৬’ পালন করেছে সামাজিক ও মানবিক সংগঠন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মজিবুর রহমান। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন হাইমচর উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন রুমীর সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাসুম বিল্লাহসহ সংগঠনের স্থানীয় স্বেচ্ছাসেবকবৃন্দ ও এলাকার গণ্যমান্যরা।
কর্মসূচির আওতায় স্থানীয় সাধারণ মানুষ ও প্রান্তিক পরিবারের মাঝে শীতকালীন বিভিন্ন মৌসুমি সবজির (টমেটো, বেগুন, কাঁচামরিচ, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি) সুস্থ ও রোগমুক্ত চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
মজিবুর রহমান বলেন, বর্তমানে বিষমুক্ত ও নিরাপদ শাকসবজি পাওয়া আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। বাড়ির আঙিনা বা পতিত অল্প জায়গাতেও যদি প্রতিটি পরিবার মৌসুমি সবজি চাষ করে, তবে একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটাবে, অন্যদিকে পরিবেশও সবুজ ও সুন্দর থাকবে। সাধারণ মানুষকে নিরাপদ খাদ্য উৎপাদনে উদ্বুদ্ধ করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সভাপতির বক্তব্যে সালাহ উদ্দিন রুমী উপস্থিত সবাইকে চারাগুলোর সঠিক যত্ন নেওয়ার আহ্বান জানান এবং আগামীতেও হাইমচর উপজেলায় ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের এমন জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.