জাপানি কনসোর্টিয়ামের হাতে যাচ্ছে থার্ড টার্মিনাল, চুক্তি সোমবার

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোর্টিয়াম। এ লক্ষ্যে আগামীকাল সোমবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সঙ্গে ১৫ বছর মেয়াদি কনসেশন চুক্তি স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী, টার্মিনাল চালুর পর যাত্রী ও কার্গো খাতের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ পাবে বেবিচক। পূর্ণ সক্ষমতায় কার্যক্রম শুরু হলে এ হার বেড়ে ২৭ শতাংশে দাঁড়াবে।

রোববার (২৯ নভেম্বর) রাজধানীর কুর্মিটোলায় বেবিচকের সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকী। তিনি বলেন, দীর্ঘ আলোচনা, কারিগরি ও আর্থিক বিশ্লেষণ এবং আইনগত যাচাই-বাছাই শেষে দুই পক্ষ চুক্তির বিষয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছে।

চুক্তি স্বাক্ষরের ১৫ দিনের মধ্যে টার্মিনালের নির্ধারিত এলাকা পরিচালনাকারী প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হবে। হস্তান্তরের আট মাসের মধ্যে অন্তত ২৫ শতাংশ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা নতুন টার্মিনালে স্থানান্তরের লক্ষ্য রয়েছে। পরবর্তী ছয় মাসের মধ্যে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী ও কার্গো কার্যক্রম সেখানে স্থানান্তরের পরিকল্পনা করা হয়েছে। তবে চুক্তির ১৫ বছর মেয়াদ গণনা শুরু হবে শতভাগ নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট তৃতীয় টার্মিনালে স্থানান্তরের তারিখ থেকে।

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চারটি ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর প্রস্তুতি চলছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৮ সালের ফেব্রুয়ারি-মার্চ নাগাদ পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হতে পারে।

চুক্তির আওতায় জাপানি কনসোর্টিয়াম নিজস্ব অর্থায়নে তৃতীয় টার্মিনাল, বহুতল গাড়ি পার্কিং ভবন এবং নতুন আমদানি ও রপ্তানি কার্গো টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, স্থাপন, অবকাঠামো সম্প্রসারণ ও মেরামতের দায়িত্বও থাকবে তাদের ওপর। পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হলে সব নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রীসেবা ও কার্গো পরিবহন নতুন টার্মিনালের মাধ্যমে পরিচালিত হবে। অন্যদিকে, প্রথম ও দ্বিতীয় টার্মিনাল অভ্যন্তরীণ, হজ ও অন্যান্য অনিয়মিত ফ্লাইটের জন্য ব্যবহার করা যাবে।

যাত্রীসেবার মান নিশ্চিত করতে চুক্তিতে বিভিন্ন সেবার মানদণ্ড ও কার্যসম্পাদন সূচক নির্ধারণ করা হয়েছে। উড়োজাহাজ অবতরণের পর ১৫ মিনিটের মধ্যে প্রথম ব্যাগেজ কনভেয়ার বেল্টে পৌঁছাতে হবে। ন্যারো-বডি উড়োজাহাজের ক্ষেত্রে সর্বশেষ ব্যাগেজ সরবরাহের সময়সীমা ৪২ দশমিক ৫ মিনিট এবং ওয়াইড-বডি উড়োজাহাজের ক্ষেত্রে ৪৭ দশমিক ৫ মিনিট নির্ধারণ করা হয়েছে। প্রযুক্তিগত ব্যবস্থাগুলোর ৯৫ থেকে ৯৮ শতাংশ সময় সচল রাখার শর্তও রয়েছে। এসব মানদণ্ড পূরণে বারবার ব্যর্থ হলে প্রতিবার ৫ হাজার থেকে সর্বোচ্চ ৩৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত ক্ষতিপূরণ দিতে হবে পরিচালনাকারী প্রতিষ্ঠানকে।

বেবিচক চেয়ারম্যান জানান, শুরুতে রাজস্বের ১৫ শতাংশ পাওয়ার প্রস্তাব থাকলেও দীর্ঘ আলোচনার মাধ্যমে তা বাড়িয়ে ২৭ শতাংশ করা হয়েছে। চুক্তির শর্তে জাতীয় ও আর্থিক স্বার্থ সুরক্ষার চেষ্টা করা হয়েছে এবং এ বিষয়ে বেবিচক সন্তুষ্ট।

বেবিচকের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার আয়তনের তৃতীয় টার্মিনালে বছরে ২ কোটি ৪০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.