আফগানিস্তানে স্কুলের পাশে বিস্ফোরণ, নিহত ১০ শিক্ষার্থী

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত ১০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১০ জন। শনিবার সকালে প্রদেশটির রাজধানী আসাদাবাদের আন্দরসেইর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।

তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বিবিসিকে জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, বিস্ফোরণটি কাছাকাছি এলাকায় খননকাজে নিয়োজিত কয়েকটি কোম্পানির বিস্ফোরক মজুতের স্থানে অসতর্কতা ও অবহেলার কারণে ঘটেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আহত শিশুদের গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় হাসপাতালের বাইরে মানুষের ভিড় জমে। হাসপাতালের ভেতরের ছবিতে দেখা গেছে, আহত শিশুরা পাশাপাশি বিছানায় শুয়ে আছে। তাদের অনেকের মাথায় ব্যান্ডেজ বাঁধা।

আবদুল মতিন কানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, বিস্ফোরণের ঘটনা তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।

আফগানিস্তানের অর্থনীতিতে খনিজ সম্পদ আহরণ একটি গুরুত্বপূর্ণ খাত। তবে দেশটিতে খনিশিল্পে নিরাপত্তাব্যবস্থার ঘাটতি প্রায়ই দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.