রাজধানীর ধানমন্ডিতে একটি জুয়েলার্সের দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার আনাম র্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে এ ঘটনা ঘটে।
দোকানটির মালিক অমিত ঘোষের দাবি, চোরেরা প্রায় দুই হাজার ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ থেকে ১২ লাখ টাকা নিয়ে গেছে। জুয়েলার্সের বিক্রেতা জোবায়ের আহমেদ জানান, গভীর রাতে শপিংমলটির নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করা হয়। এরপর দোকানে ঢুকে স্বর্ণালংকার নিয়ে যায় দুর্বৃত্তরা।
ঘটনার খবর পেয়ে ধানমন্ডি থানা-পুলিশ শপিংমলটি ঘিরে ফেলে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
ধানমন্ডি থানা সূত্রে জানা গেছে, নিরাপত্তাকর্মীদের অচেতন করার পর তাদের মধ্য থেকেই কয়েকজন চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে পুলিশ। এ ঘটনায় শপিংমলের দুজন নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। অন্য চারজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
পূরবী জুয়েলার্সের বিক্রেতা সঞ্জীব শীল বলেন, ঘটনার পর থেকে তিনজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দুজন শপিংমলের কর্মী। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে শপিংমলে প্রবেশ করতে দেখা গেছে। তাদের সঙ্গে আরও দুজন অপরিচিত ব্যক্তি ছিলেন। ফুটেজে নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজনকে দুর্বৃত্তদের দোকানে প্রবেশে সহায়তা করতে দেখা গেছে বলেও জানান তিনি।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.