কৃষি উৎপাদন বৃদ্ধি, প্রান্তিক কৃষকদের আর্থিক সক্ষমতা উন্নয়ন এবং দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মাদারীপুরের শিবচরে ১ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি। ব্যাংকটির বিশেষ সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় সম্প্রতি এ কার্যক্রম পরিচালিত হয়।
কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে বিভিন্ন জাতের ধান, গম ও সরিষার বীজ, বিভিন্ন ধরনের ডাল ও সবজির বীজ, সার, কীটনাশক স্প্রে মেশিন এবং ক্ষেত নিড়ানির যন্ত্র বিতরণ করা হয়।
শিবচরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা। সম্মানিত অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক সৈয়দ আসিফ নিজাম উদ্দীন ও মোরশেদুল আলম চাকলাদার, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. ইবনে মিজান এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলিমুজ্জামান খান।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ হানজালা এনসিসি ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এর মাধ্যমে শিবচরের প্রান্তিক কৃষকরা সরাসরি উপকৃত হবেন এবং তাদের উৎপাদন সক্ষমতা ও আর্থিক অবস্থার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য তিনি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম বলেন, ব্যবসায়িক কার্যক্রমের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে আসছে এনসিসি ব্যাংক। কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে কৃষি উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্যেই শিবচরের ১ হাজার প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগ কৃষকদের উৎপাদন সক্ষমতা ও আর্থিক উন্নয়নে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ব্যাংকের ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম বলেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ জনগোষ্ঠীর জীবন-জীবিকার সঙ্গে কৃষি নিবিড়ভাবে জড়িত। দেশের খাদ্য চাহিদা পূরণ ও অর্থনৈতিক উন্নয়নে কৃষকদের অবদান গুরুত্বপূর্ণ। এনসিসি ব্যাংকের এ উদ্যোগ প্রান্তিক কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করার পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিকে শক্তিশালী করবে।
নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার বলেন, দেশের মানুষের কল্যাণ ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে দায়িত্বশীল ভূমিকা পালনে এনসিসি ব্যাংক সচেষ্ট। সময়োপযোগী কৃষি উপকরণ ও প্রয়োজনীয় সহযোগিতা পেলে কৃষকরা আরও ভালো ফলন অর্জন করতে পারবেন। শিবচরের ১ হাজার কৃষকের মধ্যে উপকরণ বিতরণ তাদের কৃষিকাজে সহায়ক হবে এবং জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করতে এনসিসি ব্যাংক বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করছে। দেশের খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষকদের অবদান অপরিসীম। তাদের শ্রম ও অবদানের স্বীকৃতি এবং কৃষি খাতের উন্নয়নে সহযোগিতার অংশ হিসেবে এ কর্মসূচি নেওয়া হয়েছে। এ উদ্যোগ কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সামগ্রিক কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.