যুক্তরাষ্ট্রের সঙ্গে সামুদ্রিক উত্তেজনা ক্রমেই বাড়ছে ইরানের। এর মধ্যেই হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত সমুদ্র এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে তেহরান। ইরানের সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং এর আশপাশের বিস্তৃত জলসীমায় নিয়মিত নজরদারি চালিয়ে যাচ্ছে দেশটির নৌবাহিনী।
ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
এর আগে ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ অচল করে দেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মার্কিন কর্তৃপক্ষের দাবি, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ অমান্য করে চলাচলের চেষ্টা করছিল। অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছাকাছি এলাকায় দুটি তেলবাহী ট্যাংকার নৌমাইনের আঘাতের শিকার হয়েছে।
এভাবে দুই দেশের সামরিক বাহিনীর পাল্টাপাল্টি অবস্থান ও অভিযোগে উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.