সাপ্তাহিক দরপতনের শীর্ষে সামিট পাওয়ার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে দরপতনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১১ দশমিক ৮৩ শতাংশ। দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে কোহিনূর কেমিক্যাল কোম্পানি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

পর্যালোচনার তথ্য অনুযায়ী, সপ্তাহ শেষে সামিট পাওয়ারের শেয়ারদর দাঁড়িয়েছে ১৪ টাকা ৯০ পয়সায়। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬ টাকা ৯০ পয়সা। সে হিসাবে এক সপ্তাহে শেয়ারটির দাম কমেছে ২ টাকা।

দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর ১১ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫০ পয়সায়। আগের সপ্তাহে এর দর ছিল ৬৪ টাকা ৮০ পয়সা।

তৃতীয় অবস্থানে থাকা কোহিনূর কেমিক্যাল কোম্পানির শেয়ারদর কমেছে ১০ দশমিক ৯৭ শতাংশ। সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৫৭ টাকা ৮০ পয়সায়, যা আগের সপ্তাহে ছিল ৫১৪ টাকা ২০ পয়সা।

এ ছাড়া দরপতনের তালিকায় রয়েছে আর্গন ডেনিমস, অ্যাকটিভ ফাইন, ডরিন পাওয়ার, দুলামিয়া কটন, মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রাইম টেক্সটাইল ও সিএপিএম আইবিবিএল ইসলামী মিউচ্যুয়াল ফান্ড।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.