আগামী ১০ বছরেও হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না স্পিকার

আগামী ১০ বছরেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা দেখছেন না জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা মূলত আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার একটি চেষ্টা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন স্পিকার। তাঁর বক্তব্যের কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি উর্দু।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা আগামী ১০ বছরেও বাংলাদেশে ফিরবেন না। তাঁর দেশে ফেরার ঘোষণা আওয়ামী লীগের কর্মীদের সক্রিয় রাখার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে।

এদিকে, শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁর দেশে ফেরার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে বর্তমান বিএনপি সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইনগত প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই কেবল তাঁর দেশে ফেরা গ্রহণযোগ্য হবে।

বিবিসি উর্দুর প্রতিবেদন অনুযায়ী, স্পিকার আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে। ভারত তাঁকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করলে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) যাওয়ার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.