দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন সেবার উন্নয়নে বাংলাদেশকে সহজ শর্তে ১৫ কোটি (১৫০ মিলিয়ন) মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ প্রকল্পের মাধ্যমে প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পাবেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রকল্পের আওতায় কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌরসভায় পানি ও স্যানিটেশন অবকাঠামো উন্নয়ন করা হবে।
এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, জনস্বাস্থ্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করতে নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা অপরিহার্য। এ প্রকল্পের মাধ্যমে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি ডিজিটাল ব্যবস্থাপনা ও টেকসই সেবা নিশ্চিত করা হবে।
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ এবং স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি সংযোগ স্থাপন বা সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ নিম্নআয়ের জনগোষ্ঠী ও অনানুষ্ঠানিক বসতিতে দেওয়া হবে। এ ছাড়া সাতটি পানি শোধনাগার সংস্কার, ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া প্রতিষ্ঠা এবং নিম্নআয়ের মানুষের জন্য ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন নির্মাণ করা হবে। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য নির্মাণ করা হবে চারটি পাবলিক স্যানিটেশন সুবিধা।
২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে স্থানীয় সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা করবে এডিবি। মূল ঋণের বাইরে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে সংস্থাটি। অন্যদিকে, প্রকল্পে বাংলাদেশ সরকার নিজস্ব তহবিল থেকে ৪ কোটি ৬০ লাখ ডলার অর্থায়ন করবে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.