দেশের প্রাণিসম্পদ খাত একসময় বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতকে স্বনির্ভর ও উৎপাদনমুখী করতে খামারিদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, উন্নত প্রযুক্তি এবং ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে পারলে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা কঠিন কোনো বিষয় নয়। এ জন্য প্রয়োজন সুষ্ঠু পরিকল্পনা ও সদিচ্ছা। সরকার প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক ও স্বয়ংসম্পূর্ণ করার ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, গবাদিপশুর রোগপ্রতিরোধ ও চিকিৎসাসেবা খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করছে। একই সঙ্গে এ খাতের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
খামারিদের প্রাণিসম্পদ খাতের মূল চালিকাশক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, খামার সম্প্রসারণে তাদের সব ধরনের সহায়তা দেওয়া হবে। এ খাতের উন্নয়নে খামারিদের সক্ষমতা বাড়ানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। পুষ্টির নিরাপত্তা নিশ্চিত করা এবং মেধাসমৃদ্ধ জাতি গঠনে সরকার কাজ করছে। মেধাসমৃদ্ধ জাতি গঠনের অন্যতম পূর্বশর্ত হলো প্রাণিজ আমিষ।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে জাতীয় প্রাণিসম্পদ পদক তুলে দেন প্রধানমন্ত্রী।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.