রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এতে রাশিয়ার পাঁচটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের জেনারেল স্টাফ।
বুধবার (২৫ নভেম্বর) রাশিয়ার নিঝনি নভগোরদ অঞ্চলে অবস্থিত সাভাসলেইকা বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইউক্রেনের জেনারেল স্টাফের দাবি, হামলায় ক্ষতিগ্রস্ত পাঁচটি বিমানের মধ্যে তিনটি মিগ-৩১ যুদ্ধবিমান রয়েছে। এসব বিমান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এছাড়া দুটি সু-৩৪ যুদ্ধবিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের জেনারেল স্টাফের ভাষ্য অনুযায়ী, হামলায় ক্ষতিগ্রস্ত বিমানগুলো কিছু সময়ের জন্য উড্ডয়ন অক্ষম হয়ে পড়েছে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এবং আক্রান্ত বিমানের সংখ্যা এখনো যাচাই করা হচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে এ হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সাম্প্রতিক সময়ে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে দেশটির বিভিন্ন কৌশলগত স্থাপনায় দূরপাল্লার হামলা জোরদার করেছে ইউক্রেন। এর আগে লিবিয়ার জলসীমায় দুটি রুশ জাহাজ এবং ফিনল্যান্ড উপসাগরে একটি রুশ জাহাজে হামলার ঘটনা ঘটে। এ ছাড়া গত সপ্তাহে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার সংযোগকারী গুরুত্বপূর্ণ সেতুর সড়ক অংশও হামলায় ক্ষতিগ্রস্ত হয়।
অন্যদিকে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারা জানিয়েছেন, গত কয়েক মাসে রাশিয়ার ১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণব্যবস্থায় হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা হামলা এবং দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের উদ্যোগে শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে দুই দেশের সংঘাত অব্যাহত রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.