মিসরের রাজধানী কায়রোর ব্যস্ততম মহাসড়কে জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও ২১ জন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) রাতে কায়রোর পুরোনো শহরকেন্দ্রের উত্তরে ওয়ারাক এলাকার রিং রোডের এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই দগ্ধ ও ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সরকারি কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু না জানালেও রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ট্যাংকারটি উল্টে গিয়ে আশপাশের গাড়িগুলোর ওপর পেট্রোল ছড়িয়ে পড়লে আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয় সংবাদপত্র আল-আহরাম তদন্ত সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে, একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকানাধীন ওই ট্যাংকারটির সামনে হঠাৎ উচ্চ-ভোল্টেজের একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়লে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর ট্যাংকারটি সড়ক বিভাজক টপকে উল্টে যায় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এ ঘটনায় আঞ্চলিক পাবলিক প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন। নিহতদের মরদেহ শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন।
মিসরের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএমএ জানিয়েছে, জরুরি সেবা কর্মীরা বুলডোজার দিয়ে পুড়ে যাওয়া গাড়ির ধ্বংসাবশেষ সরিয়ে নেওয়ার পর মহাসড়কটি পুনরায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অবকাঠামোগত দুর্বলতা এবং ট্রাফিক আইন অমান্যের প্রবণতার কারণে মিসরে সড়ক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ড প্রায়ই ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ছয় হাজার মানুষের মৃত্যু হয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.