ইরানের সঙ্গে চলমান যুদ্ধ জানুয়ারির শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার মতো অর্থায়ন যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী জানুয়ারিতে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে তার প্রশাসনের স্বাধীনতা সীমিত হতে পারে বলে স্বীকার করেছেন তিনি।
সম্প্রতি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন, কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতা পেলে ডেমোক্র্যাটরা যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে পারে। এতে যুক্তরাষ্ট্রের অর্জিত বিজয় শেষ পর্যন্ত পরাজয়ে রূপ নিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
ট্রাম্প বলেন, ‘তারা একটি সম্পূর্ণ বিজয়কে পরাজয়ে পরিণত করবে। ইরানের নৌবাহিনী শেষ, বিমানবাহিনী শেষ, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে। তাদের নেতারাও নেই। ডেমোক্র্যাটরা যদি যুদ্ধ বন্ধ করে দেয়, তাহলে তারা বিজয়কে পরাজয়ে পরিণত করবে।’
যুদ্ধ বন্ধের রাজনৈতিক সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন, রাজনৈতিকভাবে ডেমোক্র্যাটরা এমন সিদ্ধান্ত নিতে পারে বলে তার বিশ্বাস করা কঠিন। কারণ, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বিজয় অর্জন করেছে। চাইলে যেকোনো সময় যুদ্ধের ইতি টানা সম্ভব বলেও দাবি করেন তিনি। সামরিক অভিযান চালানোর সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, জানুয়ারির শেষ পর্যন্ত যুদ্ধ চালানোর জন্য প্রয়োজনীয় অর্থায়ন রয়েছে। তার ভাষায়, ‘জানুয়ারির শেষ পর্যন্ত, মোটামুটি আমাদের অর্থায়ন রয়েছে।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র। শুরুতে ট্রাম্প ধারণা দিয়েছিলেন, যুদ্ধ চার সপ্তাহের মতো স্থায়ী হতে পারে। তবে তেহরানের সঙ্গে আলোচনা ভেস্তে যাওয়ার পর এপ্রিলে যুদ্ধবিরতি হয়। জুনে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও কয়েক সপ্তাহ পর বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার ঘটনায় সেটিও ভেস্তে যায়।
ইরানে সরকার পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, এটি সম্ভবত করা যেতে পারে। তবে সেটি তার উদ্দেশ্য নয়। তিনি বলেন, ‘আমি শুধু চাই না, তারা পারমাণবিক অস্ত্র অর্জন করুক। সরকার পরিবর্তনের পক্ষে বা বিপক্ষে আমি কখনোই ছিলাম না। এটি আমার বিবেচনার বিষয় ছিল না।’ ট্রাম্প চলতি মাসে ইরানের সঙ্গে যুদ্ধ কার্যত শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছিলেন। তবে পারমাণবিক চুক্তিতে তেহরানকে বাধ্য করতে ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.