ফুটবলের জাদুকর ম্যারাডোনার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

ফুটবল মাঠে তার পায়ের জাদুতে মুগ্ধ হয়েছে কয়েক প্রজন্মের দর্শক। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে এগিয়ে যাওয়া, অবিশ্বাস্য ড্রিবলিং কিংবা চোখধাঁধানো গোল—সবকিছুতেই ছিলেন অনন্য। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সেই ফুটবলশৈলী আজও ভোলেননি ভক্তরা। আজ তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।

২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। তার মৃত্যুর ছয় বছর পেরিয়ে গেলেও মাঠের অসাধারণ নৈপুণ্য ও অর্জনের কারণে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে এখনো জীবন্ত তিনি।

১৯৬০ সালের ৩০ অক্টোবর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্সের উপকণ্ঠে ভিলা ফিওরিতো এলাকায় একটি দরিদ্র পরিবারে জন্ম ম্যারাডোনার। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল তার প্রবল ঝোঁক। মাত্র আট বছর বয়সে আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দল ‘লস সেবোলিতাসে’ যোগ দিয়ে নিজের প্রতিভার জানান দেন তিনি।

মাত্র ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটে তার। ১৬ বছর বয়সে সুযোগ পান আর্জেন্টিনার জাতীয় দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। নিজের অসাধারণ দক্ষতায় অল্প সময়েই আন্তর্জাতিক ফুটবলে তারকা হয়ে ওঠেন ম্যারাডোনা। ক্লাব ক্যারিয়ারে আর্জেন্টিনোস জুনিয়র্স, বোকা জুনিয়র্স, বার্সেলোনা, নাপোলি, সেভিয়া ও নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ। অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করার পাশাপাশি পুরো আসরে নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করেন তিনি।

ওই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের দুটি গোল ম্যারাডোনাকে ফুটবল ইতিহাসে বিশেষ জায়গা দিয়েছে। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত। আর দ্বিতীয় গোলটি অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের কারণে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিতি পায়। ম্যাচটির ওই দুই মুহূর্ত আজও ফুটবল ইতিহাসের আলোচিত ঘটনা।

ইতালির ক্লাব নাপোলির হয়েও অসামান্য সাফল্য অর্জন করেন ম্যারাডোনা। তার নেতৃত্বে ১৯৮৭ ও ১৯৯০ সালে প্রথমবারের মতো ইতালির শীর্ষ লিগ সিরি আ জেতে ক্লাবটি। নাপোলির সমর্থকদের কাছে তিনি আজও এক আবেগের নাম। খেলোয়াড়ি জীবনের উত্থান-পতন, বিতর্ক ও নানা চড়াই-উতরাইয়ের মধ্যেও ফুটবল মাঠে তার অবদান কখনো ম্লান হয়নি। অসাধারণ প্রতিভা ও স্মরণীয় সব কীর্তির মধ্য দিয়ে ম্যারাডোনা নিজেকে প্রতিষ্ঠা করেছেন ফুটবলের চিরস্মরণীয় এক কিংবদন্তি হিসেবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.