দেশের বাজারে আবার কমল সোনার দাম, আজ থেকেই কার্যকর

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা দুই দফা বাড়ানোর পর এবার ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৮৫৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এই দর আজ বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বাজুসের নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এখন ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা। এর আগে এই মানের সোনার দাম ছিল ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা।

নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৬৮২ টাকা কমিয়ে ১ লাখ ৮৮ হাজার ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের সোনার দাম কমেছে ২ হাজার ৩৩৩ টাকা। ফলে এ মানের প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ১ হাজার ৮৬৬ টাকা কমে হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দামের পরিবর্তনসহ সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

এর আগে ২৩ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানো হয়েছিল। পরদিন ২৪ নভেম্বর আবারও ১ হাজার ৫৭৫ টাকা বাড়ায় বাজুস। ফলে দুই দফায় ২২ ক্যারেট সোনার দাম মোট ৪ হাজার ৭২৪ টাকা বেড়ে যায়।

এর পরদিনই সেই দাম থেকে ২ হাজার ৮৫৮ টাকা কমানোর ঘোষণা এলো। এতে এক দিনের ব্যবধানে বাজারে সোনার দামে ফের বড় পরিবর্তন দেখা দিল।

এদিকে সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা, ২১ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৯২৫ টাকা নির্ধারিত আছে।

গহনার ক্ষেত্রে নির্ধারিত সোনার দামের সঙ্গে নকশা ও কাজের ধরন অনুযায়ী মজুরি যুক্ত হবে। বাজুসের নিয়ম অনুযায়ী, ঘোষিত বিক্রয়মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়ার কথা নয়।

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.