বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বায়ুর মান সূচক (একিউআই) স্কোর ২১১, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। বিশ্বের ১২৫টি শহরের মধ্যে এই অবস্থানে রয়েছে ঢাকা।
বায়ুমান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ২৭৯ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৫৫ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তানের কাবুল। ২২৩ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি। আর ২০৮ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাটর।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে ধারণা দেয়। পাশাপাশি বায়ুদূষণের কারণে স্বাস্থ্যঝুঁকির মাত্রা সম্পর্কেও তথ্য জানায় এই সূচক।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে বায়ুর মান ‘মাঝারি’ বা ‘সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ গোষ্ঠীর মধ্যে রয়েছেন অসুস্থ ব্যক্তি, শিশু ও বয়স্করা।
অন্যদিকে, স্কোর ১৫১ থেকে ২০০ হলে বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে তা ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘দুর্যোগপূর্ণ’ বলে গণ্য করা হয়।
বায়ুর মানের এই সূচক অনুযায়ী, ঢাকার বর্তমান স্কোর ২১১ হওয়ায় রাজধানীর বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.