বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগ পরীক্ষাকে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার মান অনুযায়ী করার বিষয়ে সরকার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ২১২তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিসিএস ও নন-ক্যাডার শিক্ষকদের মধ্যে বৈষম্য এবং আত্মীকরণ সংক্রান্ত জটিলতার সমাধান নিয়েও কাজ করা হচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকদের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। অন্য কোনো পেশার সাথে তুলনা না করে শিক্ষকতার মাধ্যমে সমাজ ও দেশের জন্য কী অবদান রাখলেন, তা বিবেচনা করতে হবে।
মিলন আরও বলেন, শিক্ষকদের প্রশিক্ষণ শুধু প্রথাগত না করে প্রশিক্ষণে নতুনত্ব, সৃজনশীলতা, প্রযুক্তির ব্যবহার এবং বিষয়ভিত্তিক দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে। সেই সাথে প্রশিক্ষণার্থীদের প্রত্যাশা অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম সাজাতে হবে।
এ সময় নায়েমের পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান ও পরিচালক প্রফেসর মো. শাহজাহানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। এরপর আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন শিক্ষামন্ত্রী।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির ছাত্র হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে এহছানুল হক মিলন বলেন, কেমিস্ট্রি বিভাগে ভর্তি হয়ে জীবনে চলার জন্য অনেক কিছু শিখেছি। কেমিস্ট্রি আমাকে শিখিয়েছে কীভাবে ভাবনার জগতকে তুলে ধরতে হয়। এই বিভাগ আমাকে দিয়েছে অদম্য স্পৃহা এবং শিখিয়েছে কীভাবে নিজের কাজকে ভালোবাসতে হয়। এখান থেকে অনুপ্রেরণা নিয়ে আমি দেশাত্মবোধ ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রত্যয়ে কাজ করছি। এ সময় তিনি সবাইকে দেশাত্মবোধ নিয়ে আন্তরিকতার সাথে কাজ করে দেশ গড়ার আহ্বান জানান।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.