কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহতদের মধ্যে একজন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) ও আরেকজন লামা এলাকার সাইফুল ইসলাম (২৪)। সাইফুল পটিয়া মাদরাসার শিক্ষার্থী। নিহত নারীসহ অপরজনদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
বিষয়টি নিশ্চিত করে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বলেন, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকে গেছে। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাকবলিত বাস-সিএনজিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
জানা গেছে, কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চকরিয়াগামী সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির তিন যাত্রী নিহত হয়। এ ঘটনায় পথচারীরা আরও দুই জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনের মৃত্যু হয়।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.